মুক্তদেশ ডেস্ক: সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা খোলা। দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোর্ডসভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। আমজাদ হোসেন বলেন, ‘বোর্ডে এ ব্যাপারে (সাকিব) আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসেবিলেটি—সঙ্গে হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান অন্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। কারণ, ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজনমতো।’২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আর বাংলাদেশে আসতে পারেননি সাকিব আল হাসান। পরে তাঁর নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু তাঁকে নিয়ে দল ঘোষণা হলেও প্রতিবাদের মুখে আর দেশে ফিরতে পারেননি। এখন হুট করেই আবার তাঁকে জাতীয় দলে খেলানোর বিষয়টা সামনে এসেছে। ঘরের মাঠে এবং বিদেশে, দুই জায়গাতেই তাঁকে দলে নেওয়ার জন্য নির্বাচকেরা বিবেচনা করতে পারবেন বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান, ‘সকল হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের জন্যই তার নাম নির্বাচক প্যানেলে বিবেচনা করা হবে।’ এত দিন এই বিবেচনা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এত দিন কী ছিল, জানি না। আজকে মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি জানাচ্ছি।’তাঁর জাতীয় দলে খেলার বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে বোর্ড সভাপতি আমিনুলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমজাদ, ‘এরই মধ্যে আমাদের সভাপতিকে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে। তার ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে, সেটা তার নিজস্ব। সেগুলোকে যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে, সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। এটাই হলো মূল কথা।
