মুক্তদেশ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী আজ। সোমবার (১৯ জানুয়ারি) যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার নিভৃত পল্লী বাগবাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবা মনসুর রহমান ছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ বৈজ্ঞানিক কর্মকর্তা আর মা জাহানারা খাতুন ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শৈশব থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণে তিনি আলাদা পরিচিতি গড়ে তোলেন।
১৯৫৩ সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। সামরিক জীবনের বিভিন্ন ধাপে তিনি দক্ষতা ও সাহসিকতার স্বাক্ষর রাখেন। ১৯৭০ সালের সেপ্টেম্বরে তাকে চট্টগ্রামে বদলি করা হয়। এখান থেকেই ১৯৭১ সালে দেশের স্বাধীনতার সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
১৯৭১ সালের ২৬ মার্চ জাতির এক চরম সংকটময় মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। তার সেই ঐতিহাসিক কণ্ঠস্বর—‘আমি মেজর জিয়া বলছি’—দিশাহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধকালে তিনি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি চৌকস ‘জেড ফোর্স’ গঠন ও পরিচালনা করেন।
