মুক্তদেশ ডেস্ক: দেশে জঙ্গিবাদ ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তবে তারা বিভিন্ন দেশে অবস্থান করছে। বিদেশে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট জঙ্গিগুলোকে ফেরত এনে আইনের মুখোমুখি করতে চাই।’
আজ রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো নির্বাচনকালীন সময়ে ব্যবহার করা যাবে না-এটি তিনি নিশ্চিত করছেন। সীমান্ত দিয়ে কিছু অস্ত্র প্রবেশের চেষ্টা হলেও সেগুলো নিয়মিত উদ্ধার করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনকালীন বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে কোনো দুষ্টচক্র সহিংসতা সৃষ্টি করতে না পারে।
পুলিশের মধ্যে ভয় কাজ করছে-এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, পুলিশের মধ্যে কোনো ভয় নেই। বরং তারা আরও বেশি উদ্যম ও পেশাদারিত্ব নিয়ে নির্বাচনে দায়িত্ব পালন করবে।
পুলিশ কমিশন আইন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই আইন জনগণের স্বার্থে করা হয়েছে। এর মাধ্যমে একটি জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের সেবক।’
এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লক্ষ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কোনো সাধারণ বাহিনী নয়; এটি রাষ্ট্র ও জনগণের সেবক হিসেবে কাজ করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশের ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা।
