মুক্তদেশ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য আরও দুই দিনের সময় পেলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
সোমবার (১২ জানুয়ারি) সকালে মামলার বাদী আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৫ জানুয়ারি চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।
বাদী পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল এতথ্য নিশ্চিত করে বলেন, আজকে বাদী পক্ষে তিন আইনজীবী নিয়োগ করা হয়েছে। বাদীপক্ষ থেকে ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য সময় আবেদন করি। শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির তারিখ ধার্য করে।’
শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মইনুল করিম সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি বলতেন, ‘আমার শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চাই।’ এই কথাকে মাথায় রেখে আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও স্টাডি করতে চাই। যেন কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়।
এ মামলায় বাদীপক্ষে রাষ্ট্রকতৃক নিযুক্ত তিন আইনজীবী হলেন- সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যরিস্টার এস এম মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।
