মুক্তদেশ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিবৃতিতে হাদির হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি শুক্রবার এ-সংক্রান্ত এক বিবৃতি দেন। শনিবার (২০ ডিসেম্বর) বার্তাসংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশে হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আগামী ফেব্রুয়ারিতে ‘স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেসব ‘মব অ্যাটাক’ বা ভিড়ের হামলা ঘটছে, তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি—বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে—এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, এমনকি শিল্পী ও গায়ক-গায়িকাদেরও ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
