মুক্তদেশ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ নামের দুই নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (০১ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগ চেয়ে (এনসিপির) যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন লিখেছেন ওই দুই নেতা।
আবেদনের ওই লিখিত স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। অব্যাহতি চাওয়া দুই নেতারা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কুষ্টিয়া জেলা শাখার এক নম্বর যুগ্ম সমন্বয়কারী মো. এবাদত আলী ও দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ।
দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদনে এক নম্বর যুগ্ম সমন্বয়কারী মো. এবাদত আলী লিখেছেন, আমি মোহাম্মদ ইবাদত আলী জুলাই ২০২৪ আন্দোলনে একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে সক্রিয় ছিলাম। গণ-অভ্যুত্থান পরবর্তীকালে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি একটি অরাজনৈতিক সংগঠনে কুষ্টিয়া সদরে প্রতিনিধি হিসাবে কাজ শুরু করি। পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে দলের কর্তৃপক্ষ আমাকে কুষ্টিয়া জেলার ১ম যুগ্ম সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন। এজন্য আমি এনসিপি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বর্তমানে আমার পারিবারিক দায়দায়িত্ব ও বয়স বিবেচনায় দলের প্রদত্ত এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এ সত্ত্বেও একটি বৈষম্য মুক্ত ফ্যাসিবাদ মুক্ত ও আধিপত্যবাদ মুক্ত বহুদলীয় গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে যারা রাজপথে থাকবে তাদের প্রতি আমার নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। রাজপথের সহকর্মী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যন্ত আমাকে সহযোগিতা করার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
