মুক্তদেশ ডেস্ক: মব তৈরি করে ঢাকার মোহাম্মদপুরে বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) চাঁদাবাজির মামলায় রাব্বিসহ পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই নাজমুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তাদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ঠিক করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
এ মামলা অন্য আসামিরা হলেন—আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন।
মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রোববার রাতে তাদের আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা।
ক্লিনিকের মালিক আফরুজা শিল্পী বাদী হয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে তাদের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
মামলায় বলা হয়, ২০ সেপ্টেম্বর রাতে শাহিন সন্তান প্রসব করাতে তার স্ত্রীকে ‘সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়ে আসেন। নবজাতকের ‘অবস্থা খারাপ’ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তবে শাহিন অনুরোধ করে বলেন, যেভাবে হোক তার স্ত্রীর সন্তান প্রসবের ব্যবস্থা করতে। পরে তার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন।
মামলায় বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি শাহিনকে অবগত করেন। তিনি অর্থ দিতে চাইলেও মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ না নিয়েই ছাড়পত্র দিয়ে দেয়।
