মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।
ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।
