মুক্তদেশ ডেস্ক: টাইফয়েড জ্বর প্রতিরোধে অক্টোবরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা দেওয়া হবে।
আসন্ন এ ক্যাম্পেইন সুষ্ঠভাবে সম্পন্ন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে দেশব্যাপী শিশু, কিশোরী এবং সন্তান ধারণ ক্ষমতাসম্পন্ন নারীদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবহিকতায় বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারা দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে, যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে।
এতে বলা হয়, ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য, উক্ত টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সব শিক্ষার্থীর স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান-বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুর বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।
