মুক্তদেশ ডেস্ক: ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রিসার্চ এ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনারা যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি। তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাগো লগে থাকলে আপনি বেহেশতে যাবেন আর তাগো লগে না থাকলে আপনি দোজখে যাইবেন। আর নিজেরা বেহেশতে যাইব কি না, সেই কথা তারা জানে না। সেজন্য আমি বলব, দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পাইছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্য দিয়ে মব তৈরি হয়।
তিনি বলেন, ‘আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথায় নিয়ে যাবে। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা (সাম্প্রদায়িক শক্তি) হতে দেবেন না, ওরা করতে দেবেন না। বিএনপি ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যেই বিশ্বাসই করুক না কেন ধর্ম কিন্তু মানুষকে সঠিক পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। ’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সেই অন্যায়ের বিচারের ধারার মধ্যে লেখা থাকে কোনো অন্যায়ের জন্য কতটুক শাস্তি। ঠিক আপনি পবিত্র কোরআন-গীতা পড়েন কোন পাপের জন্য মৃত্যুর পরে কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। সেই কারণে ধর্মে সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘হাসিনা সরকার ছিল ফ্যাসিবাদ, ভুইলা গেছে তো ফ্যাসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ। সরকারের কোন কাজকর্ম আছে চোখে পড়ে? তিন চারজন ছাড়া আর কেউ কোন কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোন খবর রাখে। সরকারের সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত, এত বিএনপি যদি সচিবালয় থাকে তো হাসিনার সময়ে এরা থাকলো কেমনে? ও(শেখ হাসিনার সরকার) তো প্রায়ই পোস্টমোর্টাম করতো পোস্টমর্টাম করে করে বের করে বের করে দিতো তাই না।’
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজকে যে এলাকায় সব বিএনপি তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? কতগুলো মাধ্যমে দেখবেন টিকটক হাবিজাবির মধ্যে দেখবেন। আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্বমূলত একটা থাকবে। মিডিয়া স্বাধীনতা যা খুশি তাই বলব, যাকে খুশি তাকে বলব। যেমন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আর সোশ্যাল মিডিয়া এমন হইছে যে, আমার কথা আমি বলব, যাকে খুশি তাকে বলব, যা খুশি তাই বলব। এগুলো শুনলে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে দেবে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলো তৈরি করতেছে, একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে পারব না এখানে মা-বোনেরা আছেন সেটা এখানে পাবেন। এই স্বাধীনতা আমরা কোথায় দেবো ? বেহেশেতে না দোজখে দেব ‘
বিএনপিনর এ নেতা বলেন, গণতন্ত্র মানে হলো জনগণ ভুল বশত হোক আর সঠিক ভাবেই হোক সে ভোটে সরকার নির্বাচিত হবে। আবার জনগণ যদি মনে করে যে, এরে ভোট দিয়ে ভুল করছি, তাহলে আরেকবার ভোটের সময় ভোট দিবে না- এটাই তো স্বাভাবিক। এই সোজা পথটায় আমাদের চলতে কষ্টটা কেন?’
