মুক্তদেশ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচনের আয়োজন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো বা এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি জানিয়ে তিনি বলেন, ‘সময় আছে, আশা করি এর মধ্যেই আমরা আলোচনার করে ঐকমত্যে পৌঁছাতে পারব।’
তিনি আরও বলেন, অতীতে নির্বাচন কমিশন এ ক্ষমতা ভোগ করতে পারেনি। কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল বেশি। বর্তমানে সেই পরিবেশ নেই। কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠিত এখনো না হলেও অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার ব্যবস্থার আদলেই তার কর্মপরিচালনা করছে। যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে পূর্ণাঙ্গভাবে, তখন কেয়ারটেকার ব্যবস্থার অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যেই পরবর্তী নির্বাচনগুলো হবে।
