মুক্তদেশ ডেস্ক: ২০১৮ সালে হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতের ভোটের মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী। এ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের পদক দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক আইজিপি মামুন।
জুলাই-আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা পৌনে ১২টার দিকে তার জবানবন্দি গ্রহণ শুরু করেন আদালত।
জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী।
তিনি বলেন, ‘গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’
