বিনোদন ডেস্ক: বিটিভিতে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
নব্বই দশক থেকে শেকড়ের সন্ধানে ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয় ভোলার চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এবারের আয়োজনে গান রয়েছে দুটি। অনুষ্ঠানের শুরুতেই ভোলা জেলা নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। ভোলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৩ জনকে নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা ভোলা জেলারই সন্তান অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেন। রয়েছে ভোলা ও এর বিভিন্ন উপজেলার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদনসহ ‘ইত্যাদি’র অন্যান্য নিয়মিত সব আয়োজন।
