মু্ক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসলে চেয়ারে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘যেদিন সরকার চাইবে তার মতো কাজ করতে, আমাকে এই চেয়ারে দেখবেন না। সেই গ্যারান্টি আমি দিতে পারি।’
আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতিবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
সিইসি বলেন, ‘এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। আমরা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চাই। আমাদের এখন আগের মতো কোনো সমস্যা নাই। সরকারেরও অনৈতিক কোনো চাওয়া নেই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না।’
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনিয়ম করেছিল, সেসব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না। জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল, তাদের পদায়নের চিন্তা নেই। তবে নির্বাচন কমিশনের অধীনে ৫ হাজার ৭শ কর্মকর্তা রয়েছে। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। এদেরকে কোথায় পাঠাব? তবে আগে যারা স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
