মুক্তদেশ ডেস্ক: পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকবে এটা রাজনৈতিক সৌন্দর্য, কিন্তু সকলে মিলে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে।
তারেক রহমান অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, কিছু পক্ষও বিএনপি ঠেকানোর রাজনীতি করছে।
এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের যেন দলীয় স্বার্থে ব্যবহার না করা হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগই ধর্মীয় কারণে নয়; বরং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বা অবৈধ লাভের আশায় সংঘটিত হয়েছে।
