মুক্তদেশ ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে— সাম্প্রতিক ইরানে এ ধরনের ঘটনা খুবই সাদামাটা সংবাদ। কিন্তু বিশ্বাসঘাতকতার দায়ে ফাঁসিতে ঝোলা ব্যক্তির নাম গুগলে সার্চ করতেই তার বিশেষ পরিচয় সামনে আসে। গুগল দেখাচ্ছে, ওই ব্যক্তির ছিল উজ্জ্বল এক ক্যারিয়ার। গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয়। তার রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি। ইরানের পারমাণবিক শক্তি অর্জনে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন।
বুধবার ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে, রুজবেহ ভাদি পরমাণুবিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য।
তার গুগল স্কলার প্রোফাইল অনুসারে, রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রিধারী ভাদি। ২০১১ সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রের সহ-লেখক ছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে জুনে সংঘাতের সময় তার সাবেক সেই সহকর্মীরা নিহত হন।
আমির কবির বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ভাদি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট স্নাতক ছিলেন। তিনি ১২ দিনের যুদ্ধের সময় নিহত দুই বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুলহামিদ মিনুচেহর এবং আহমেদ জোলফাগারির সঙ্গে একটি গবেষণাপত্র সহ-লেখক ছিলেন।
