মুক্তদেশ ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের বাসিন্দা আয়শে উগুর ১০১ বছর বয়সেও কোনো রোগব্যাধি ছাড়াই সুস্থ জীবনযাপন করছেন। তিনি কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকেন এবং প্রাকৃতিক খাবার যেমন দুধ, ডিম, দই, মধু, গুড়, শাকসবজি ও ফলমূল নিয়মিত গ্রহণ করেন।
আয়শে বলেন, “আমি কখনো অসুস্থ হইনি। ডায়াবেটিস, কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ কিছুই নেই। ঘুম ও খাওয়ার নিয়ম মেনে চলি। সবসময় প্রাকৃতিক খাবার খেয়েছি, যা আমার নিজের বাগান বা খামার থেকে আসে। আমি নিজেই দই ও জ্যাম তৈরি করি, মাংস সংরক্ষণ করি এবং রান্নাও করি।‘‘
তার মতে, শুধু খাবারই নয়, ধর্মীয় অনুশাসন, নামাজ-রোজা ও পারিবারিক বন্ধনও তাকে মানসিকভাবে শক্ত রেখেছে। আয়শে বলেন, “আমি কখনো নামাজ বাদ দিই না। সবসময় দোয়া করি, তাসবিহ পড়ি।”
তার ছোট ছেলে ৫৫ বছর বয়সী নিসান উগুর জানান, আমরা প্রতি সপ্তাহে মায়ের কাছে যাই। কখনো তাকে একা রাখি না। তার যেকোনো প্রয়োজন আমরা পূরণ করি। তিনি যা দরকার বলেন, আমরা কিনে আনি। আমি প্রতি সপ্তাহে গ্রামে যাই মাকে দেখতে। তিনি এখন ১০১ বছর বয়সী। আমি বিশ্বাস করি, তিনি এই বয়সে পৌঁছেছেন কারণ তিনি সবসময় প্রাকৃতিক ও অর্গানিক খাবার খেয়েছেন।”
তিনি আরও বলেন, “আমাদের পরিবারের সবচেয়ে বড় সদস্যের বয়স ৭৫ বছর, আর আমি সবচেয়ে ছোট – ৫৫ বছর বয়সী। আমার মা সবসময় প্রাকৃতিক খাবার খেয়েছেন। তিনি সব সময় স্বাস্থ্য নিয়ে সতর্ক ছিলেন। বর্তমানে তার কোনো অসুস্থতা নেই। তার ডায়াবেটিস, কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ নেই।”
