মুক্তদেশ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে সরকার গঠন করলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে বিএনপির মহিলা দলের আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সেজন্য নারীসমাজকে সচেতন থাকতে হবে।
তিনি নারীশক্তিকে সরকারের কর্মপরিকল্পনার কেন্দ্রে রাখার প্রতিশ্রুতি দেন এবং বলেন, নারীরা যদি শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তাহলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব।
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের কাছে বাংলাদেশ চিরঋণী। এবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই ঋণ শোধ করতে হবে।
এ সময় আগামীদিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
