মুক্তদেশ ডেস্ক: আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারব তো?- এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘অবশ্যই পারবেন। ভোট দিতে সবাই পারবেন।’
জনগণের ভোটাধিকার প্রয়োগে আপনাদের উদ্যোগটা কী? জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম। জিজ্ঞেস করতাম ছাত্রদের- আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন- তারা হাসাহাসি শুরু করতেন। কেউ কেউ বলতেন স্যার ভোট দিয়েছি, তবে ১০/১২টা। ৯০ শতাংশ বলতেন তারা ভোট দেননি। যাই হোক আমাদের সেই দুঃখ ঘুঁচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।’
আগামী নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।’
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন নেই। এরপরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা এবার কী করবেন যে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।’
তিনি বলেন, ‘নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস) আমাদের সব সময় বলেন।’
