স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) অনুমোদনের দাবিতে পঞ্চম দিনের আন্দোলন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগীত বিভাগের শিক্ষার্থীরা গানের মাধ্যমে মহাসড়কেই ক্লাস পরিচালনা করেন। এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শতশত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে, যা যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ এর সামনে মহাসড়ক অবরোধের সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাইবুর রহমান, মেরাজ হোসেন, বায়জিদ হোসেন, আব্দুল আজিজ, মোন্নাফ হোসেন, লুৎফর রহমান, সাকিব আল হাসান প্রমুখ। এ ছাড়া, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দিন এবং সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদও বক্তব্য রাখেন।
টানা পাঁচ দিন ধরে চলা এই আন্দোলনের পরও উপদেষ্টাদের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা আজ বুধবার বিকেল ৫টায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অস্থায়ী ক্যাম্পাস-৩ এর সামনে গায়েবানা নামাজ আদায়ের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
