মুক্তদেশ ডেস্ক: রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে ঐকমত্য কমিশন যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সংলাপ শেষে চলতি মাসেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে চায় সরকার।
ইতোমধ্যে এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। তবে এতে আপত্তি জানিয়ে স্বাক্ষর না করার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতে ইসলামী বলছে, জুলাই সনদের খসড়া ‘অসম্পূর্ণ’ এবং এর কিছু অংশ ‘বিপজ্জনক’। অপরদিকে বিএনপি বলছে, দলটিকে যদি বাধ্য করা হয় যেসব বিষয়ে একমত হতেই হবে, তাহলে তা মানা সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই তিন দলের এমন অবস্থানের মধ্যেই আজ বুধবার দলগুলোর মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। একই দিন একমত হওয়া বিষয়গুলোও দলগুলোর কাছে পাঠাবে কমিশন। সেই আলোকে আগামীকাল ৩১ জুলাই মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করায় উষ্মা প্রকাশ করেছে এনসিপি।
গতকাল সংলাপের বিরতিতে এনসিপির এই অবস্থান তুলে ধরে দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলছেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে, নির্বাচনের আগে সেগুলো একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে এনসিপি জুলাই সনদ গ্রহণ করবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন।
গত সোমবার জুলাই জাতীয় সনদের ওই খসড়া আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন। যেসব সংস্কার প্রস্তাব বা সুপারিশের বিষয়ে ঐকমত্য হয়েছে, দুই বছরের মধ্যে সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নেওয়ার কথা বলা হয়েছে এতে। খসড়ার ‘অঙ্গীকারনামায়’ সাতটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি চূড়ান্ত হলে তাতে রাজনৈতিক দলের নেতা বা প্রতিনিধিদের পাশাপাশি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
এবং জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সদস্যদের সই থাকবে। এ খসড়ায় জুলাই জাতীয় সনদ তৈরির পটভূমি, ঐকমত্য কমিশনের গঠন ও কার্যক্রম তুলে ধরার পর রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের আলোচনায় উঠে আসা প্রস্তাব বা সুপারিশগুলো যুক্ত করার কথা বলা হয়েছে।
ওই খসড়ার বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরে জাভেদ রাসিন বলেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, নির্বাচন আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।
এদিকে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারসহ জুলাই সনদের যে খসড়া জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, তা ‘অসম্পূর্ণ’ এবং এর কিছু অংশ ‘বিপজ্জনক’ বলে মনে করছে জামায়াতে ইসলামী। গতকাল সংলাপের বিরতিতে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে তারা বলছে এটা একটা নমুনা মাত্র, ভুল হয়েছে। যদি সেটাই না হয়, তাহলে মন্তব্যের দরকার নেই। তবে যদি সেটাই মূল কথা হয়, তাহলে একে গ্রহণ করা যাবে না।
জামায়াতে ইসলামী নিজেরাই সনদের একটি খসড়া তৈরি করছে এবং সেটা তারা কমিশনে জমা দেবে জানিয়ে তাহের বলেন- সংলাপে যেসব বিষয়ে একমত হচ্ছি, সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য দুটি পথ প্রস্তাব করছে জামায়াতে ইসলামী। ১. অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত পার্লামেন্টে তা অনুমোদন। ২. গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া।
তাহের বলেন, আমরা যে কোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দিতে চাই। আমরা ঐকমত্যের পক্ষে, কিন্তু সেটা হতে হবে কার্যকর এবং আইনি কাঠামোর মধ্যে। অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে।
এর আগের দিন সোমবার রাতে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে নিজেদের আপত্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে শতভাগ একমত হতে বললে আলোচনার জন্য ডাকার কোনো মানেই নেই। এখন যদি আমাদের বাধ্য করা হয় যে, এসব বিষয়ে একমত হতেই হবে, সেটা তো মানা সম্ভব না। এদিন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে বিষয়ে সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছিল বিএনপি।
এদিকে গতকাল তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানে সংস্কার ও নারী আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে ঐকমত্য হতে পারেনি দলগুলো। সংলাপ শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে র্যাংকিং পদ্ধতি নিয়ে জামায়াতসহ এক-চতুর্থাংশ দল একমত। আর বিএনপিসহ কয়েকটি দল দ্বিমত পোষণ করেছে। এ নিয়ে তারা পয়েন্ট অব নো ডিসেন্টও দিতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা করতে হবে।
আলী রীয়াজ বলেন, সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক, দুদক, পিএসসি ও ন্যায়পাল গঠনে সাংবিধানিক পদ্ধতি চায় জামায়াতসহ অধিকাংশ দল। আর বিএনপিসহ কয়েকটি দল এ ক্ষেত্রে নির্বাহী আইনের পক্ষে। নারী আসনের বিষয়ে আমরা বলেছি, এক-তৃতীয়াংশ আসনে সরাসরি মনোনয়ন দিতে। এটি নিয়ে একটি অগ্রগতি আছে। আশা করি, এ নিয়ে একটি অগ্রগতি হবে।
অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আবার এসবের মধ্য থেকে কিছু কিছু বিষয় দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও ফিরে এসেছে। কিন্তু সামগ্রিকভাবে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তার একটা তালিকা রাজনৈতিক দলগুলোকে আগামীকাল (বুধবার) পাঠানো হবে।
জাতীয় সনদের খসড়ার বিষয়ে তিনি বলেন, বুধবারের (আজ) মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সংশোধনী দেবে। এরপর একটি সিদ্ধান্তে পৌঁছা যাবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের একটি রূপ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের খসড়াকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। একটি খসড়া পেয়েছি। সেটি একটি ভূমিকা। এতে বিস্তারিত বিষয়গুলো নেই। সেটি পরে দেওয়া হবে। এখন যেটা হয়েছে, সেই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত।
গতকালের আলোচনার বিষয়ে তিনি বলেন, র্যাংকিং পদ্ধতি নয়, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা করতে চায় বিএনপি। এ ছাড়া সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ হতে হবে নির্বাহী আইনে। এ ছাড়াও সংসদে নারী সংরক্ষিত আসন ১০০ করার প্রস্তাব দিয়েছি। তবে তা আনুপাতিক হারে আগের মতো হতে হবে।
জুলাই সনদ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এটি এখনও খসড়া পর্যায়ে আছে এবং দলীয়ভাবে আমরা তা পর্যালোচনা করছি। এ খসড়ায় আমরা মৌলিক সংস্কারের প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত দেখতে চাই। যদি তা বাদ দেওয়া হয়, তাহলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব, এতে সই করব কি না। তিনি জানান, দলীয় ফোরামে আলোচনা করে খুব শিগগিরই জুলাই সনদসংক্রান্ত আনুষ্ঠানিক বক্তব্য কমিশনে জমা দেওয়া হবে এবং পরে তা সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।
ঐকমত্য কমিশনে আজ ফের আলোচনা হওয়ার কথা রয়েছে।
