বিনোদন: ছয় বছর আগে রুমানা রশীদ ঈশিতার কণ্ঠে প্রকাশ হয় মৌলিক গান ‘আমার অভিমান’। দীর্ঘদিন পর এবার ঈশিতার কণ্ঠে প্রকাশ হলো নতুন গান ‘রুপোর ঝলক’। আসিফ ইকবালের কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। এটি মূলত তানিম রহমান অংশুর নির্মিত চলচ্চিত্র ‘নসিব’-এর গান। ঈশিতা বলেন, ‘এই গানটি মূলত করা হয়েছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। আমি যখন কেন নামক নাটকটিতে অভিনয় করি সেই সময়ই মূলত তিনি এই গানটি গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। গানটা শুনে আমার খুব ভালো লেগেছিল। অনেকদিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।
ঈশিতার সর্বশেষ গাওয়া প্রকাশিত গান ‘আমার অভিমান’ লিখেছিলেন ও সুর করেছিলেন লুৎফর হাসান। ছোটবেলায় আনিসুর রহমান তনুর কাছে ঈশিতার গান শেখা শুরু। এর পর ওস্তাদ ওমর ফারুকের কাছে টানা দশ বছর খেয়াল এবং তার পর ওস্তাদ সঞ্জীব দের কাছে খেয়াল ও ক্ল্যাসিক্যাল শেখেন। ঈশিতার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’, ‘কুলসুম’। প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এর পর আর নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।
