মুক্তদেশ ডেস্ক: সাত দফা দাবিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা এখন উৎসবমুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানীতে এসেছেন নেতাকর্মীরা।
গত এক মাস ধরে সমাবেশ সফল করতে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা প্রচারণা, গণসংযোগ এবং জনমত গঠনে সরব ছিলেন। এর প্রভাব পড়ছে ঢাকার অলিগলি, সড়ক-মহাসড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায়। পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে শহরের চিত্র। সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে পতাকা, দলের নাম লেখা গেঞ্জি, পোস্টার ও নানা ধরনের প্রকাশনার বিকিকিনি চলছে।
শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এবং দিনব্যাপী বক্তব্য রাখার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা চলছে। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুধু জামায়াত নয়, সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যোগ দেবেন এই সমাবেশে।
