আন্তর্জাতিক ডেস্ক: এবার কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে এ ঘোষণা দেন।
এর আগেও যুক্তরাষ্ট্র কানাডার কিছু পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পে আরোপিত শুল্কের প্রভাব ইতোমধ্যে কানাডায় পড়তে শুরু করেছে।
বিবিসি বলছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্পের এই চিঠিটি মূলত এমন ২০টিরও বেশি চিঠির একটি, যেগুলো ট্রাম্প এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্য অংশীদারদের– যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কার– উদ্দেশে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এসব দেশের ওপরও আগামী ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে।
অবশ্য কানাডার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যেই আরোপ করা হয়েছে, তবে বর্তমানে উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কিছু পণ্যে ছাড় রয়েছে। তবে নতুন যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্প দিয়েছেন, তা এই চুক্তিভুক্ত পণ্যের ওপরেও কার্যকর হবে কিনা, তা স্পষ্ট নয়।
