বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। সুখবরটি দিলেন তিনি নিজেই। তার প্রথম হিন্দি সিনেমার নাম ‘এক দিন’। এতে তাকে জুটি বাঁধতে দেখা যাবে আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে। আরও বড় চমক হলো- ছবিটি প্রযোজনা করছেন মিস্টার পারফেকশনিস্ট নিজেই। সঙ্গে রয়েছেন ভাই মনসুর খান।
দীর্ঘ ১৭ বছর পর আবার দুজনে যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। সর্বশেষ তারা একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’। আগামী ৭ নভেম্বর ‘এক দিন’ মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন সুনীল পাণ্ডে।
‘এক দিন’ ছাড়াও সাই পল্লবীকে দেখা যাবে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা ‘রামায়াণ’-এ; যার প্রথম পর্ব ২০২৬ সালে, দ্বিতীয়টি ২০২৭-এ মুক্তি পাবে। কদিন আগেই প্রকাশ্যে আসে সিনেমার এক ঝলক, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এটি হতে যাচ্ছে ১৬০০ কোটি বাজেটের সিনেমা, যা বলিউডে ইতিহাস গড়তে যাচ্ছে।
নীতেশ তিওয়ারির পরিচালনায় সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াশ। লক্ষ্মণ হয়েছেন রবি দুবে আর হনুমান হয়েছেন সানি দেওল। সংগীতে আছেন দুই কিংবদন্তি অস্কারজয়ী হান্স জিমার ও এআর রহমান।
