ডেস্ক রিপোর্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এ দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, যা শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছে মুসলমানরা।
রোববার (৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। তাজিয়া আরবি শব্দ। এর অর্থ শোক বা সমবেদনা। নানা আনুষ্ঠানিকতায় যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায় মাতমের মধ্যে দিয়ে পালন করেছে ১০ মহররমের দিনটি।
এদিন বৃষ্টি উপেক্ষা করে হযরত ইমাম হোসেনের (র.) স্মরণে ছিল পুরান ঢাকা থেকে মোহাম্মদপুর পর্যন্ত শোকযাত্রা। যাতে অংশ নেন হাজারো মানুষ।
ইসলামি গজলের করুন সুরে মিলিত কণ্ঠে হোসেনের নাম। মিছিলে মিছিলে খালি পায়ে শোকের মাতম ঢাকার পথে। ন্যায় এবং শান্তির ধর্ম ইসলাম। এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্য বিশ্বাসঘাতক এয়াজিদের সৈন্যদের হাতে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ হন। তাইতো আজও কারবালার হৃদয়বিদারক সেই ঘটনা বুক চাপড়ে স্মরণ করছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা।
শোকাবহ দিনটি উপলক্ষে প্রতিবছরের মত এবারও ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। যে কাফেলায় সকাল থেকেই অংশ নিয়েছেন হাজারো মানুষ।
