আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মাত্র এক দিনের জন্য দায়িত্ব পালনকারী সুরিয়া সুরিয়া জুংরুংরুয়াংকিতকে সরিয়ে দেওয়া হয়। এর ফলে এক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। খবর রয়টার্সের।
জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করার পর থাইল্যান্ডের রাজনীতিতে সংকট চলছে। থাই সাংবিধানিক আদালত তাকে বরখাস্ত করেন, কারণ তার বিরুদ্ধে একটি ফোনালাপ ঘিরে বিতর্ক তৈরি হয়। ফাঁস হওয়া সেই কথোপকথনে তিনি কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনকে ‘কাকা’ বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তার সমালোচনা করেন।
ফোনালাপটি মূলত কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে একটি সামরিক উত্তেজনা নিরসনের জন্য হলেও, তা থাই রাজনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আদালতে ৩৬ জন সিনেটর পেতংতার্নের বিরুদ্ধে আবেদন করেন, অভিযোগ তোলা হয় যে তিনি নীতিগত দায়িত্ব লঙ্ঘন করেছেন। তদন্ত এখনও চলমান। বরখাস্ত হওয়ার আগে পেতংতার্ন নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
তবে তার জনপ্রিয়তা আগে থেকেই হ্রাস পাচ্ছিল। মার্চ মাসে যেখানে তার জনপ্রিয়তা ছিল প্রায় ৩১ শতাংশ, জুনে তা কমে ৯ শতাংশের নিচে নেমে আসে।
অন্যদিকে তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধেও দেশদ্রোহিতার মামলা চলছে। তিনি যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন, তবে আদালত তার আগের কারামুক্তির শর্ত পুনরায় পর্যালোচনা করবে।
