ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। বৃহস্পতিবার (৩ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তারা। সংকেত পেলেই প্রস্তাব পাঠাবেন।
সম্ভাব্য তিনটি তারিখের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হওয়ায়, আমরা ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হবে।’
