ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণতন্ত্রে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা ও পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পথ প্রশস্ত করবে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নতুনভাবে ভোটার তালিকা, কেন্দ্র ও নির্বাচনী কাঠামো পুনর্গঠনে কাজ করছে—যা আগের সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আমাদের তরুণরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে।’
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, প্রায় ১৫ মিনিট স্থায়ী এ আলোচনা ছিল উষ্ণ, আন্তরিক ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।
