আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ইসরায়েলের চ্যানেল ১২-এ দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেছেন, ‘২০ বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু , যা অনেক বেশি সময়, এটি ঠিক নয়। ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুর ওপর বড় ধরনের দায় বর্তায়।’
তিনি আরও জানান, ‘নেতানিয়াহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই, তবে একইসঙ্গে রয়েছে তীব্র বিরোধিতাও। বিশেষ করে গাজা যুদ্ধ শুরুর পর, ২০২৩ সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন। নেতানিয়াহুকে অবশ্যই যেতে হবে।’
ডানপন্থি এই নেতা ২০২১ সালে নেতানিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন যা টানা ১২ বছর ধরে প্রধানমন্ত্রীত্ব থেকে নেতানিয়াহুকে উৎখাত করেছিল। তবে বেনেট ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ মিলে যে নাজুক জোট সরকার গঠন করেছিলেন, তা প্রায় এক বছর পরই ভেঙে পড়ে।
এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কট্টর ডানপন্থি ও অতি-অর্থডক্স ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন। রাজনীতি থেকে বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন উঠেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুকে আবারও ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন আছে।
সূ্ত্র: আরব নিউজ
