বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদেরও আইটি খাতে চাকরি দেওয়া হবে। শনিবার সকালে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এখন আর আগের মত রাজনীতি করলে হবে না। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে।
তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে। এটি একটি গোষ্ঠীর হাতে চলে গেছে। দেশের প্রতিটি মানুষের ব্যবসা করার মতো পরিবেশ থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। এছাড়া কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাবেক সভাপতি ফজলুল হক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
