আন্তর্জাতিক ডেস্ক:: গাজায় ইসরাইলের চলমান বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ।
শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদেন জানায়, ফিলিস্তিনপন্থি সংগঠন পিপলস ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ইসরাইল বিরোধী স্লোগান দেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।
এরমধ্যে গত ২৪ ঘণ্টাতেই ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে ৭১ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও দুই শতাধিক।
গত চার সপ্তাহে মানবিক সহায়তা আনতে গিয়ে ইসরেইলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে আরো চার হাজার ৬৬ জন আহত হয়েছেন।
