রাষ্ট্রদ্রোহ ও প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে শেরে বাংলা নগর থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভে শেখ মুজিবও ৭২ এর নির্বাচনে ভোট কারচুপি করেছিলেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আউয়াল বলেন, আমার জীবনে কখনোই কেউ অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ আনতে পারবে না। আমি স্বীকার করি ডামি নির্বাচন হয়েছে। কিন্তু কেন? একটা রাজনৈতিক বন্দোবস্তের অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিচারক মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা বলেছেন, যারা অফিসার তাদেরকে আপনি প্রভাবিত করেছেন। বা কোনো ব্যবস্থা নেননি। এটা কি আপনি মনে করেন? আউয়াল বলেন, না আমি মনে করি না।
বিচারক তখন বলেন, কেন মনে করবেন না। আগের সময়ের তুলনায় হুট করে ইনকুয়ারি কমিটির পারিশ্রমিক এত বাড়ানো হলো কেন?
আউয়াল বলেন, কেউ দেখাতে পারবে না সিইসি নিজে ফিল্ড অফিসারদের টাকা বাড়িয়ে দিয়েছেন।
বিচারক প্রশ্ন করেন, আপনার কাছে জাতির প্রত্যাশা বেশি ছিল। তা খর্ব হলো কেন? উত্তরে আউয়াল বলেন, আমি গভীরভাবে আমার কাজ করেছি।
এ সময় নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সূত্র সময়টিভি
