ডেস্ক রিপোর্ট: নগর ভবনে আন্দোলনরত কর্মচারীদের ওপর ‘হামলার’ ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে।’
আজ মঙ্গলবার দুপুরে সংঘর্ষের ঘটনার পর বিকেলে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক। সেখানে আহতদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই অভিযোগ করেন।
ইশরাক বলেন, ‘আহতদের সঙ্গে কথা বলে জেনেছি, গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী। এই দুজনের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর ও শতাধিক বহিরাগত সন্ত্রাসী মুখোশ পরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। গোলাম কিবরিয়া রুবেল বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করত বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি।’
শরাক আরও অভিযোগ করেন, ‘রুবেল যে বিভাগে কর্মরত ছিল, নির্বাহী প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সবকিছু করা হতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে, তাদের সঙ্গে ভাগাভাগি করে তার অবস্থানটি ঠিক রেখেছিল সে। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলে, মোবাইল ফোন চেক করলে এবং তাদের অন্যান্য কার্যক্রম তদন্ত করলে স্থানীয় সরকার উপদেষ্টার যোগসাজশ বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।’
