ডেস্ক রিপোর্ট: দেশে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণসহ বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এক বছর পালিত হবে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কর্মসূচি তুলে ধরেন। আগামী ১ জুলাই থেকে এসব কর্মসূচি শুরু হবে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
উপদেষ্টা বলেন, ‘এ কর্মসূচির মূল উদ্দেশ্য–জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতি ফিরিয়ে আনা।’
এ কর্মসূচির আওতায় জুলাই–আগস্ট আন্দোলনের শহীদদের জন্য আগামী ১ জুলাই শহীদদের বিদেহী আত্মার স্মরণে প্রার্থনা করা হবে। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি চালু করা হবে।
