আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে বলা হয়েছে—ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া, তা আমাদের গভীর উদ্বেগের কারণ।
সৌদি সরকার এই সংকট মোকাবিলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের হামলা হয়েছে। এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সে সময় হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ বসেই তিনি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন।
