ডেস্ক রিপোর্ট: ১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষার ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এর আগে, এদিন সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।
রবিবার প্রার্থীরা নিবন্ধনধারী শিক্ষকরা সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দেন। সারাদেশ থেকে ২,০০০-এর বেশি প্রার্থী প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্যের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। এ সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভেতরে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে বলেও অভিযোগ করেন।
তারা আরও বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এ সময় ফলাফলকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।
এরও আগে, গত ১৫ জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে।
প্রসঙ্গত, গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ৮১,২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে ৬০,৫২১ জন পাস করেছেন।
