আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে এ প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে দেশ তিনটি।
চীনের কুনমিং শহরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরদিন শুক্রবার (২০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
বৈঠকে তিন দেশই জোর দিয়ে বলেছে, চীন-বাংলাদেশ-পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে। এই সম্পর্ক যে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয়, তা-ও উল্লেখ করা হয়।
বৈঠকে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং এবং পাকিস্তানের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী অংশ নেন। বৈঠকের প্রথম ধাপে ভিডিও লিংকের মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ অংশগ্রহণ করেন।
