আন্তর্জাতিক ডেস্ক: শুরু থেকেই ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে উদ্বেগ জানিয়ে আসছে রাশিয়া। অন্যদিকে, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও সরাসরি এখনো জড়ায়নি তারা। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
রাশিয়ান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ হুঁশিয়ার করেন, ইসরায়েলকে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সাহায্য করে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
র্যাবকভ বলেন, ‘রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে, এমনকি তা বিবেচনা করার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে।’ তিনি আরও জানান, মস্কো ইসরায়েল এবং ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
ইসরায়েল-ইরানের আকাশযুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনাকে ‘উদ্বেগজনক’ ও ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছিলেন রাশিয়ার কর্মকর্তারা। আজ এই সংঘাতের সমাধানে মধ্যস্থতারও আগ্রহ দেখিয়েছে রাশিয়া। আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে সমস্যা সমাধানে মধ্যস্ততার এই আগ্রহ দেখান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফোনালাপে আমিরাত ও রাশিয়ার নেতা ইসরায়েল-ইরান সংঘাতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
