ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ ধন্যবাদ জানান।
বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার ভিসার আবেদন এখন অনলাইনে জমা দিতে পারবেন উল্লেখ করে হাইকমিশনার জানান, বর্তমানে ৬৫ হাজারের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং এর পাশাপাশি আরও ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন।
সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে ড. ইউনূস বলেন, “অস্থির সময়ের পর আমরা এখন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে সংবিধান, বিচারব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারে, যা শক্তিশালী বাংলাদেশের ভিত্তি হয়ে উঠবে। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি একটি সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা করব।”
ড. ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়েও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বহু বছর পর প্রথমবারের মতো জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমি বিশ্বাস করি, এটি উৎসবমুখর হবে।’
