আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত দুই দিন ধরে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন বর্তমানে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস।
অ্যাক্সিওসকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানায়, গত ৪৮ ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে অনুরোধ জানায় তেল আবিব। একজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনুরোধ নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ট্রাম্প প্রশাসন বর্তমানে সংঘাতে যোগ দেয়ার কথা ভাবছে না।
