আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশুগুলো তাদের পররাষ্ট্র নীতির আলোকে অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক প্রতিক্রিয়া জানিয়েছে। খবর আলজাজিরার।
শুক্রবার (১৩ জুন) তুরস্ক ইরানের ওপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। ইসরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা।
তেমনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার (১৩ জুন) এক বিৃবতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে।
