আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনুসের বানি সোহেইলা এলাকায় শুক্রবার (৬ জুন) সকালে একটি বোমা পাতা ভবন ধসে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত ও পাঁচজন আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। খবার টাইমস অফ ইসরায়েল
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন- ম্যাগলান কমান্ডো ইউনিটের সদস্য ৩৩ বছর বয়সী সার্জেন্ট মেজর (রিজার্ভ) চেন গ্রস এবং ইয়াহালোম ইউনিটের ১৯ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়াভ রাভার। নিহত অন্য দুই সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ। এ নিয়ে গাজা যুদ্ধে ৪ শতাধিক সেনা হারালো ইসরায়েল।
অপরদিকে গাজার জরুরি পরিষেবা বিভাগ ‘সিভিল ডিফেন্স’ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা অঞ্চলজুড়ে ৩৮ জন নিহত হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা পরপর দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হয়েছেন। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যদের মৃত্যুর কথা জানালো।
