আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এ হুমকি দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির জবাবে মাস্ক বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত।
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে এখন যেন প্রকাশ্য রণক্ষেত্রে রূপ নিয়েছে। আলোচিত কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছিল। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে সে সম্পর্কে ফাটল ধরল।
হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে টেসলার সিইও ইলন মাস্ককে প্রকাশ্যে সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই মূলত এই প্রকাশ্য বৈরিতার সূচনা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির এক সময়কার ঘনিষ্ঠ সম্পর্ক সবার চোখের সামনে ভেঙে পড়ে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমাদের বাজেটে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলন মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করা, যা শত শত কোটি ডলার বাঁচাতে পারে।’
ট্রাম্পের এই কথার জবাবে এক্সে একটি পোস্ট দেন ইলন মাস্ক। সেখানে তিনি লিখেন, হ্যাঁ, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত। তবে বাস্তবতা হলো, কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পকে অভিশংসনের সম্ভাবনা খুবই কম।
