আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই উদ্যোগ ভেস্তে গেছে।
স্থানীয় সময় বুধবার (৪ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গত নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটিই প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয়।
নতুন প্রস্তাবে ‘সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হয়। পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তি দেয়ারও আহ্বান জানানো হয়। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতি’ তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছিল।
