ডেস্ক রিপোর্ট: তিনদফা দাবিতে ২৮ জুন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবিগুলো হচ্ছে- রাষ্ট্রের মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মহাসমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠান হওয়ার বদলে স্বার্থান্বেষী মহলের গোষ্ঠিস্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে। আর সেজন্য দরকার সংস্কার। গোটা জাতি রাষ্ট্র সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। সংস্কারে সরকারের সদিচ্ছার কথা শোনা গেলেও সংস্কার এখনো দৃশ্যমান হয়নি। কিছু রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রশ্নের চেয়ে অন্যান্য বিষয় প্রধান্য পাচ্ছে।
