বিনোদন ডেস্ক: ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে ফাগুন অডিও ভিশনের জমজমাট ‘পাঁচফোড়ন’। এটিএন বাংলায় ঈদের পরদিন দিন রাত ৮টা ৫০ মিনিটে এটি প্রচার হবে। অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন এবং গৃহ সহকারীর ভূমিকায় দেখা যাবে শিউলী শিলাকে। তাদের আলাপনের ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবার গান থাকছে ৩টি। একটি গানে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান ও সিঁথি সাহা। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন সাব্বির জামান। কিশোর দাস ও লিজার কণ্ঠে শোনা যাবে আরেকটি গান। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। লোকগানের গায়ক কিরণ চন্দ্র রায় গেয়েছেন একটি ফোক গান। এর কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন- সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, আনোয়ার শাহী, আশরাফুল আলম সোহাগ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বিণয় ভদ্র, সুজাত শিমুল, সঞ্জীব আহমেদ, শাওন মজুমদার, সুচনা শিকদার, সুর্বণা মজুমদার, সিয়াম নাসিরসহ আরও অনেকে। ‘পাঁচফোড়ন’ পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।
বৈশাখী টিভিতে ২৭ নাটক
বৈশাখী টিভির ঈদ আয়োজনে এবার প্রচার হবে ২৭টি নাটক। এর মধ্যে ১৬টি একক, ৭ পর্বের ৪টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক রয়েছে। ঈদের আগের দিন রাত ১০টায় প্রচার হবে নাজমুল রনির ‘ঘরের শত্রু ঘর জামাই’। ঈদের দিন সকাল ১০টায় রয়েছে লিটু সোলায়মানের ‘গল্পের দেশে : রংধনু পর্ব’। অন্য একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিট এবং রাত ৯টা ৫৫ মিনিটে। নাটকগুলো হলো- মহিন খানের ‘ঘর ছাড়া’, পথিক সাধনের ‘কাস্টিং আউচ’, অঞ্জন করিমের ‘চাপাবাজ ফ্যামিলি’, হামেদ হাসান নোমানের ‘আমার ভাঙ্গা গাড়িতে’, নাজমুল রনির ‘দশ মা’র এক পুত’ ও ‘বিয়ে করে প্যারায় আছি’, শাহ নেওয়াজ রিপনের ‘জুয়াড়ী’, জুবায়ের বিন বকরের ‘অল্প স্বল্প প্রেমের গল্প’, লিমন আহমেদের ‘কেনা জামাই’, এল আর সোহেলের ‘পাষাণী’, চয়নিকা চৌধুরীর ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’, ফাহিম হাসান মনিরের ‘না বলা কথা’, সোহেল রানা ইমনের ‘এই শহরে মেঘেরা একা’ এবং তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘বউ হতে চাই’। ৭ পর্বের ধারাবাহিকের মধ্যে বিকাল ৫টা ৫০ মিনিটে সজীব মাহমুদের ‘ঘরজামাইদের বাড়ি’, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আদিত্য জনির ‘জোকার জলিল’, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আল হাজেনের ‘জার্নি টু লন্ডন’ এবং রাত ৯টা ২০ মিনিটে ফরিদুল হাসানের ‘উভয় সংকট’ প্রচার হবে। ৭টি মেগা নাটক প্রচার হবে প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে। নাটকগুলো হলো- সরদার রোকনের ‘বিউটি এখন নায়িকা’, আশরাফী মিঠুর ‘বিবাহ অভিযান’, হাসান জাহাঙ্গীরের ‘ব্ল্যাক মানি’, এস আই সোহেলের ‘বাপকা বেটা’, হানিফ খানের ‘ক্ষমা করে দিও’, রুহুল আমিন শিশিরের ‘ট্রাক ড্রাইভার’ এবং জামাল মল্লিকের ‘সোনাভান’। ঈদ আয়োজন প্রসঙ্গে বৈশাখীর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া। কতটুকু সফল হব, সে বিচারের ভার বৈশাখীর দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায়
আমাদের এগিয়ে চলা।’
সুলতান এন্টারটেইনমেন্টের চার নাটক
ঈদে সুলতান এন্টারটেইনমেন্ট দর্শকদের উপহার দিচ্ছে চারটি নাটক। ঈদের পরদিন থেকে এগুলো ধারাবাহিকভাবে প্রচার হবে। জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান অভিনীত নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘লাইট ক্যামেরা অ্যাকশন’। পরিচালনা করেছেন মহিদুল মহিম। মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘রুপসী স্টুডিও’। এটিও পরিচালনা করেছেন মহিদুল মহিম। সুলতান এন্টারটেইনমেন্টের কর্ণধার তানভীর মাহমুদ অপু বলেন, ‘ঈদ উপলক্ষে পরিচ্ছন্ন, সুন্দর গল্পের চারটি নাটক উপহার দিচ্ছি দর্শকদের। আশা করছি, নাটকগুলো দর্শকরা উপভোগ করবেন।’
দীপ্তির সঞ্চালনায় কাট আনকাট শো
নেক্সাস টেলিভিশনে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কাট আনকাট শো’। শারমিন দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে হাজির হয়েছেন একঝাঁক তারকা। এর মধ্যে ঈদের দিন থাকছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঈদের পরদিন কেয়া পায়েল, ঈদের তৃতীয় দিন শিরিন আক্তার শিলা, ঈদের চতুর্থ দিন মিম মানতাসা, ঈদের পঞ্চম দিন তাবাসসুম ছোঁয়া, ঈদের ষষ্ঠ দিন আনিকা আলম এবং ঈদের সপ্তম দিন সারিকা সাবরিন অতিথি হিসেবে হাজির হয়েছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মাদ হাছান।
