ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছে। সোমবার রাত ৮টা ১০ মিনিটে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য ডিএমপির মতিঝিল থানায় কর্মরত ছিলেন। তার বিপি নং- ৯০১৯২২৩২১৫। খিলগাঁওয়ের বাসাবো এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। গ্রামের বাড়ি নেত্রকোণা সদর থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, বাসাবোর ওই বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল মতিঝিল থানায় যাওয়ার পথে বলাকা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন এসআই কামরুল। পরে স্থানীয় লোকজন ওই পুলিশ সদস্যকে আহত অবস্হায় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় ঘাতক বলাকা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
