বুধবার (২৮ মে) শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজটিতে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আগামীকাল বুধবার (২৮ মে) থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচও হবে ৩০ মে ও ১ জুন একই ভেন্যুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফের অভাবে এই সিরিজে ডিআরএস ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর সময়ও ডিআরএস প্রযুক্তি ছিল না। সংঘাতপূর্ণ পরিস্থিতির জেরে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হক-আই’ তাদের প্রতিনিধি দল পাকিস্তানে ফেরত পাঠায়নি। ফলে পিএসএলের বাকি ম্যাচগুলোতেও ডিআরএস ছাড়াই খেলা হয়। যদিও পিএসএলে এই প্রযুক্তি না থাকলেও তেমন কোনো বিতর্ক দেখা যায়নি।
