আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) তারা এ ফোনালাপ করেন।
ফোনালাপে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। আল জাজিরার এথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত ইউক্রেন যুদ্ধ বন্ধে উভয় নেতা আলোচনা করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, এই যুদ্ধের অচলাবস্থা ভাঙতে না পারলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত এটিকে ‘নিজেদের যুদ্ধ’ হিসেবে না গণ্য করে পিছু হটতে হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার সৈন্য পাঠান, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প এই যুদ্ধকে ‘রক্তক্ষয়ী’ আখ্যা দিয়ে একে অবসানের জন্য বারবার আহ্বান জানিয়ে আসছেন। তার প্রশাসন এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে দেখছে।
যুদ্ধ শুরুর পর গতকাল রোববার ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, এদিন সকালে ২৭৩টি ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে অন্তত একজন নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। পরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে পশ্চিমাদের ভয় দেখাতে হয়তো আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে মস্কো।
তিন বছরের বেশি সময় ধরে চলে আসা যুদ্ধ থামানোর কথা বরাবরই বলে আসছেন ট্রাম্প। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর মার্কিন প্রতিনিধিরা আলাদাভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এতে তিন পক্ষই সাময়িক বিভিন্ন চুক্তি, কৃষ্ণসাগরে নিরাপত্তা বজায় রাখা এবং জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছে।